ফ্রান্সে সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু
ফ্রান্সে সাঁতার কাটতে গিয়ে ৪০ জন ডুবে মারা গেছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
ইউরোপের বেশিরভাগ অংশ জুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ থেকে বাঁচতে মানুষ বিভিন্ন স্থানে সাতার কাটতে নামছে।
ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ অংশ তীব্র তাপপ্রবাহের সতর্কতার অধীনে রয়েছে এবং মঙ্গলবার সেখানে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) থাকতে পারে। পশ্চিম ফ্রান্সের কিছু অংশে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সারাদেশে তরুণ-তরুণীসহ অন্যান্যরা শরীর ঠান্ডা করতে খাল ও নদীতে ঝাঁপ দিচ্ছেন।
ফরাসি ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি বলেছেন, তিনি গরম থেকে বাঁচার এই তাগিদ বুঝতে পারছেন, কিন্তু অননুমোদিত বা বিপজ্জনক এলাকায় সাঁতার কাটার বিরুদ্ধে সতর্ক করেছেন।
তাপপ্রবাহ নিয়ে একটি জরুরি বৈঠকের আগে ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু জানিয়েছেন, ১৮ জুন থেকে তাপপ্রবাহের কারণে ৪০ জনের ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
দক্ষিণ-পূর্ব ফ্রান্সের কার্পেনট্রাসের একজন প্রসিকিউটর জানিয়েছেন, সোমবার উদ্ধারকর্মীরা ২ এবং ৪ বছর বয়সী দুটি শিশুকে তাদের বাড়ির বাইরে পারিবারিক গাড়ির ভেতর থেকে উদ্ধার করতে পারেননি।
প্যারিসের একটি এলাকায়, পৌরসভা ২৫ বছরের কম বা ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে কিছুটা সময় কাটানোর জন্য বিনামূল্যে সিনেমার টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি