কিশোরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে এবং অবিলম্বে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ জুন) সকাল আটটার দিকে জেলা শহরের রথখলা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির ব্যানারে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে বত্রিশ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ছেলে রাসেল আহমেদ তুহিনের পক্ষের সমর্থক বলে জানা যায় এবং তার নামে শ্লোগান দেয়। এ সময় মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে বৈঠা ও লাঠি দেখা যায়।
জেলা ছাত্রলীগের সম্পাদক পরিষদের সদস্য তানিম ইসলাম ও রতন মিয়াসহ আনুমানিক অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভুঁইয়া জানান, ফেসবুকের মাধ্যমে মিছিলের বিষয়টি জেনেছি। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি