শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

সোনার দেশ ডেস্ক ২৭ জুন ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৭ জুন ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০
সংগৃহীত ছবি

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। দেশটির উত্তর উপকূলীয় অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

এছাড়া ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল, যেখানে অসংখ্য ভবন ধসে পড়েছে এবং সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বুধবার অল্প সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।

বহু মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন।

উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ভারী যন্ত্রপাতির সংকট, ভাঙা সড়ক এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় এখনো জরুরি সহায়তা পুরোপুরি পৌঁছাতে পারেনি।

পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি অবস্থা জারি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়া, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা পাঠাতে শুরু করেছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে সময় যত গড়াবে, মৃতের সংখ্যা ততই বাড়তে পারে। নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসাসেবার সংকট দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স, বাংলানিউজ