রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

ফুলবাড়ী প্রতিনিধি ৩০ জুন ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন জাতীয়
ফুলবাড়ী প্রতিনিধি ৩০ জুন ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে।


মঙ্গলবার (৩০জুন) দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম।


ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে রাজস্ব হিসাবের উপাংশ–১ থেকে ৫ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৪০ টাকা, উপাংশ–২ থেকে ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা এবং উন্নয়ন খাত থেকে ৫৬ কোটি ৪০ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


অন্যদিকে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ৬২ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৫৮৮ টাকা। এর মধ্যে রাজস্ব হিসাবের উপাংশ-১-এ ৫ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৫৮৮ টাকা, উপাংশ-২-এ ১ লাখ ১৯ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৫৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।


বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ১১৭ টাকা। সমাপনী স্থিতি হিসেবে রাজস্ব হিসাবের উপাংশ-১-এ ২৪ লাখ ৯৬ হাজার ৫৬৯ টাকা ৪ পয়সা এবং উপাংশ-২-এ ২ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা ৭৯ পয়সা রাখা হয়েছে। সব মিলিয়ে প্রারম্ভিক স্থিতিসহ বাজেটের মোট আকার দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা।


বাজেট ঘোষণার সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এর আগে সকাল ১১টায় একই মিলনায়তনে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।