শনিবার, আগস্ট ২২, ২০২৬

তীব্র গরম ও বজ্রঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, নিহত ২৫

সোনার দেশ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ০২:১০ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ০২:১০ অপরাহ্ন
তীব্র গরম ও বজ্রঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, নিহত ২৫

তীব্র দাবদাহ ও প্রবল বজ্রঝড়ের তাণ্ডবে ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। দেশটিতে  চলমান এই তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

 রোববার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের পূর্ব ও দুই-তৃতীয়াংশ অঞ্চলজুড়ে সৃষ্টি হওয়া একটি উচ্চ-চাপযুক্ত তাপবলয়ের কারণে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনাসহ বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। যার ফলে দেশটির প্রায় ১৫ কোটি ৬০ লাখ মানুষ বর্তমানে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জারি করা ‘হিট অ্যালার্ট’-এর আওতায় রয়েছেন। 

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত ‘স্যালুট টু আমেরিকা ২৫০’ অনুষ্ঠানে যোগ দেওয়া বিপুল সংখ্যক মানুষ তাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। জরুরি সেবা কর্মী ও ন্যাশনাল গার্ডের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা সেবা দেন।   

এর মধ্যেই সন্ধ্যার দিকে ওই এলাকায় একটি প্রবল বজ্রঝড় ধেয়ে আসার কারণে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি উপস্থিত সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানালে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে প্রকৃতির এই বৈরী রূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোবল ভাঙতে পারেনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আবহাওয়ার কারণে দেরি হলেও তিনি বক্তব্য দেবেন। আয়োজকদের ধারণা, ঝড় কেটে যাওয়ার পর স্থানীয় সময় রাত ১১টার দিকে অনুষ্ঠান শুরু করা সম্ভব হবে।

পোস্টে ট্রাম্প লেখেন, “আমরা অপেক্ষা করব। রাত ২টা বাজুক কিংবা এখন থেকে এক ঘণ্টা পর হোক- আমার কিছু যায় আসে না। দেখে মনে হচ্ছে ঝড়টি কেটে যাবে, এগুলো সবসময়ই কেটে যায়।” তিনি আরো যোগ করেন, “পরিস্থিতি যাই হোক না কেন, আমি সেখানে থাকব। সামান্য বৃষ্টির জন্য আমি আমাদের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন বন্ধ হতে দেব না।”

তাপপ্রবাহের পাশাপাশি শনিবার প্রায় ৭ কোটি ২০ লাখেরও বেশি মানুষ তীব্র বজ্রঝড়ের সতর্কতার অধীনে ছিলেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের কোনো কোনো অংশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) ছাড়িয়ে গেছে এবং কোয়ার্টার কয়েনের আকারের শিলাবৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নেব্রাস্কা ও আইওয়া রাজ্যে ক্ষয়ক্ষতি সৃষ্টিকারী দমকা বাতাসের খবর পাওয়া গেছে। 

নিউ জার্সি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সেখানে তাপজনিত কারণে সন্দেহভাজন মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। মৃতদের বেশিরভাগেরই বয়স ৩০ থেকে ৮০ বছরের মধ্যে।

অঙ্গরাজ্যের স্বাস্থ্য কমিশনার রেনার্ড ওয়াশিংটন জানান, ভুক্তভোগীদের অনেকেরই মরদেহ এসি বিহীন ঘর, বাড়ির বাইরে অথবা লক করা গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।

ওয়াশিংটন আরো জানান, যেসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, সেখানে কর্তৃপক্ষ কুলিং ইকুইপমেন্ট ও জেনারেটর পাঠিয়েছে।

তথ্যসূত্র: রাইজিংবিডি