শনিবার, আগস্ট ২২, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে ৮ জন গুলিবিদ্ধ

সোনার দেশ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কে ৮ জন গুলিবিদ্ধ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর উপকূলীয় আবাসিক এলাকা কোনি আইল্যান্ড। ছবি: নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্ক শহরের উপকূলীয় আবাসিক এলাকা কোনি আইল্যান্ডে চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

নিউ ইয়ক নগর পুলিশকে (এনওয়াইপিডি) উদ্ধৃত করে রোববার এ খবর জানিয়েছে এবিসি নিউজ।

এনওয়াইপিডি এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিনের কোনি আইল্যান্ড আবাসিক এলাকার ওয়েস্ট ৩১ স্ট্রিটে একটি গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে এনওয়াইপিডির কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

এবিসি জানিয়েছে, আহতদের মধ্যে দুইজন পুরুষ (৩৭, ৩৩), দুইজন নারী (২৫, ২১) ও চার শিশু আছে। শিশুগুলোর বয়স ১৪, ১২, ৭ ও ৬ বছর।

পুলিশ জানিয়েছে, আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও ২১ বছর বয়সী এক নারীর অবস্থা সঙ্কটজনক।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে তারা একটি অগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কিন্তু কাউকে গ্রেপ্তার করেনি।

৪ জুলাই, শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তি পালিত হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীর কথা উল্লেখ করে দেশটির নাগরিকদের অস্ত্র রাখার অধিকার রক্ষা করার প্রত্যয় জানান। এ সময় উপস্থিত জনতা তার এ বক্তব্যকে করতালি দিয়ে স্বাগত জানায়।

তথ্যসূত্র : বিডিনিউজ