শনিবার, আগস্ট ২২, ২০২৬

নতুন করে ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

সোনার দেশ ডেস্ক ০৮ জুলাই ২০২৬ ০১:১১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৮ জুলাই ২০২৬ ০১:১১ অপরাহ্ন
নতুন করে ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের স্থাপনা। ফাইল ছবি

যুদ্ধবিরতির মধ্যে নতুন করে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে সবশেষ মঙ্গলবার (৭ জুলাই) এ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে গাইডেড ‘নিখুঁত অস্ত্র’ দিয়ে আঘাত হানার মাধ্যমে ইরানের বিরুদ্ধে সবশেষ দফার হামলা সম্পন্ন করা হয়েছে।

সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতায় আঘাত হেনেছে।

এ ছাড়া হরমুজ প্রণালী এবং এর কাছাকাছি এলাকায় অবস্থিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ৬০টিরও বেশি ছোট নৌকায়ও আঘাত হানা হয়েছে। 

সেন্টকম বলছে, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে এই হামলাগুলো চালানো হয়েছে।

যদিও ইরান ওই হামলার দায় স্বীকার বা অস্বীকার—কোনোটিই করেনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক বন্দর নগরী, কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং খারগ দ্বীপসহ কৌশলগত বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, অধিকাংশ হামলা বেসামরিক এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে এবং সিরিক বাণিজ্যিক জেটিতে একটি প্রজেক্টাইলের টুকরোয় বেশ কয়েকজন আহত হয়েছেন।

তথ্যসূত্র : বাংলানিউজ