শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক ১১ আগস্ট ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১১ আগস্ট ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
রাসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করলো জামায়াত

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।


রাজশাহী মহানগর জামায়াতের সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমানে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচিত মুখ।


পেশায় চিকিৎসক ডা. জাহাঙ্গীর রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। এর আগে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এবার তাকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলো।


রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সাংগঠনিক পথচলা, চিকিৎসাসেবায় ভূমিকা এবং দলীয় নেতৃত্বের অভিজ্ঞতার কারণে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে এবার রাজশাহী নগরীর মেয়র পদে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।