ঈশ্বরদীতে চলন্ত ট্রেনের বগিতে আগুন : ক্ষতিগ্রস্ত বগি ড্যামেজ ঘোষণা : আতঙ্কে যাত্রীরা
পাবনার ঈশ্বরদীর পার্শ্ববর্তী মাঝগ্রাম স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের একটি বগিতে (কোচ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ঈশ্বরদীগামী ফাইভ ডাউন মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। এসময় ট্রেনের ওই কোচে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরেস ট্রেন থামিয়ে যাত্রী ও কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে পৌঁছালে ক্ষতিগ্রস্ত বগিটিকে ড্যামেজ ঘোষণা করে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়।
প্রত্যক্ষদর্শী ট্রেন যাত্রীরা জানান, ঈশ্বরদী জংশন স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাঝগ্রাম জংসন স্টেশনের কাছে হঠাৎ ট্রেনের একটি কোচ বা বগিতে বৈদ্যুতিক অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার ও ছোটাছুটি শুরু করেন। আতঙ্কে কয়েকজন যাত্রী ট্রেন থেকে লাফ দেওয়ারও চেষ্টা করেন বলে জানান তারা।
ট্রেনে থাকা যাত্রী আব্দুল হামিদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। চালক বিষয়টি জানতে পেরে ট্রেন থামিয়ে দেন। পরে যাত্রী ও ট্রেনের কর্মচারীরা মিলে আগুন নেভান।
অন্য যাত্রী আসাদুল ইসলাম বলেন, আগুনে বগিটির বড় ধরনের ক্ষতি হয়নি। যে অংশে আগুন লেগেছিল, মূলত ওই অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রীও আহত হননি। তবে আর একটু দেরি হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতো।
এ বিষয়ে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, সমস্যার কারণে ওই ট্রেনের একটি বগি ড্যামেজ ঘোষণা করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, একটি ট্রেনের বগিতে সমস্যা হয়েছিল। পরে তা সমাধান করা হয়েছে। এ বিষয়ে পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। অগ্নিকান্ডের প্রকৃত কারণ এবং বগিটির বৈদ্যুতিক ত্রুটির বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ তদন্ত করে বিস্তারিত জানাবে বলে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন।