শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১২ আগস্ট ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ আগস্ট ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


সভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের পেশাগত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা, অসুবিধা, চ্যালেঞ্জ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পুলিশ কমিশনার মহোদয়ের কাছে তুলে ধরেন। পাশাপাশি তারা রাজশাহী মহানগরীর ট্রাফিক জ্যাম, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক, জুয়া, মাজারকেন্দ্রিক মাদক সেবন নির্মূল, কিশোর গ্যাং, অনিবন্ধিত সংবাদ পোর্টাল বন্ধকরণ, সন্ধ্যার পূর্বে নগরীর বিভিন্ন কোচিং সেন্টার বন্ধকরণ, পুলিশি সেবাসহ নানা সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। পুলিশ কমিশনার মহোদয় উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। 


তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষে মতামত ব্যক্ত করেন সভাপতি মো. আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।


সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো: দেলোয়ার হোসেন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ; উপ পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম।