শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক ১২ আগস্ট ২০২৬ ১১:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ আগস্ট ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে ক্লিনিক সিলগালা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।অংঃৎড়হড়সু


বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার।


অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। 


সম্প্রতি এই ক্লিনিকের বিরুদ্ধে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়াই এক নারীর র জরায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং পেট ছিদ্র করার অভিযোগ উঠে। ক্লিনিকের মালিক স্বপন ও তার স্ত্রী জুঁই অপারেশন করেন। অপারেশনের সময় অসাবধানতাবশত রোগীর পেট ছিদ্র হয়ে যায়। পরে তাকে রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। 


এই ঘটনায় ভুক্তভোগী গেল ৩০ জুলাই সিভিল সার্জনের কাছে অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর ১ আগস্ট ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লিনিকটিতে অভিযান চালিয়ে সিলগালা করা হয়। 


ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ডাক্তার ছাড়া অপারেশন করেছে এই বিষয়ে তদন্ত করে সত্যতা পেয়েছি। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লিনিকটি প্রাথমিকভাবে সিলগালা করা হয়েছে। তাদের এই বিষয়ের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় উনাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেবে।


অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।