রাজশাহীতে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ, পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও র্যালি করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর ‘বখতিয়ারাবাদ যুব সমাজ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা।
জানা গেছে, জুমার নামাজের পর বখতিয়ারাবাদ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বয়োজ্যেষ্ঠ ও যুবকরা একত্রিত হয়ে মাদকবিরোধী র্যালি বের করেন। বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে র্যালিটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে র্যালিটি বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে স্কুলগামী শিশু-কিশোর ও উঠতি বয়সী তরুণরা সহজেই মাদকে জড়িয়ে পড়ছে। এতে তাদের স্বাভাবিক জীবন ও শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অল্প বয়সে সন্তানদের মাদকে জড়িয়ে পড়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
বিক্ষোভকারীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। মাদকের সহজলভ্যতা বন্ধের পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ সময় স্থানীয়রা পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বিক্ষোভ চলাকালে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। তিনি জানান, শনিবার (১৫ আগস্ট) বোয়ালিয়া থানা থেকে বিশেষ পুলিশ ফোর্স এনে এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।
পুলিশের আশ্বাসে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করলেও তারা বলেন, শুধু একদিনের অভিযান চালিয়ে দায়িত্ব শেষ করলে হবে না। মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে মাদকে আসক্ত কিশোর-তরুণদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।