সান্তাহারে পুকুর চাষকৃত তিন মণ পিরানহা জব্দ, দুই চাষীকে জরিমানা
বগুড়ার সান্তাহারে রেলওয়ের লিজ নেওয়া তিনটি পুকুর থেকে প্রায় তিন মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই মাছচাষীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী গো-পোঁওতা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন সান্তাহারের সান্দিড়া গ্রামের দেলোয়ার হোসেন ও একই গ্রামের ইউসুফ আলী। ভ্রাম্যমাণ আদালত দেলোয়ার হোসেনকে ৩০ হাজার এবং ইউসুফ আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাহিদ হোসেন জানান, দেলোয়ার ও ইউসুফ রেলওয়ে থেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনটি পুকুরে অভিযান চালিয়ে জাল ফেললে প্রায় তিন মণ পিরানহা মাছ ধরা পড়ে। পরে মাছগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা পিরানহা মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, নিষিদ্ধ পিরানহা মাছের চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাছচাষীদের এ ধরনের নিষিদ্ধ মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।