পরিবেশ রক্ষায় নওহাটায় বিতরণ করা হলো গাছের চারা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় শিক্ষার্থী ও হিজড়া জনগোষ্ঠীর মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (১৬ আগস্ট) দুপুরে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হোসেন আলী। তিনি বলেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিশু-কিশোরদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মসূচির উদ্বোধন করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী নাজমুল ইসলাম, উপদেষ্টা মাহবুবুর রহমান দুলাল, সাংবাদিক জাহিদ হাসান পলাশ ও সমাজসেবা অফিসের স্টাফ রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী ও হিজড়া জনগোষ্ঠীর মানুষের হাতে আম, আমড়া ও কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, শুধু চারা বিতরণ নয়, এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে উপকারভোগীদের উৎসাহিত করাও কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। একই সঙ্গে বিতরণ করা চারাগুলো যাতে বেড়ে ওঠে, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।#