সান্তাহারে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ অভিযান, জরিমানা
বগুড়ার সান্তাহারে লাইসেন্সবিহীন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় সান্তাহার আবাসিক হোটেলে অবস্থানরত এক যুবক ও এক তরুণীকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে সান্তাহার পৌর শহরের রেলওয়ে জংশন স্টেশনসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,পার্শ্ববর্তী নওগাঁ থেকে আসা এক যুবক ও এক তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে দুপুর ১টার দিকে সান্তাহার আবাসিক হোটেলের ৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তাদের আচরণ নিয়ে সন্দেহ হলে স্থানীয় কয়েকজন তাদের পরিচয় সম্পর্কে জানতে চান। একপর্যায়ে তারা প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রী নন বলে স্বীকার করেন বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি সান্তাহার পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে আবাসিক হোটেলের লাইসেন্স না থাকা ও ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে সান্তাহার আবাসিক হোটেলের স্বত্বাধিকারী মহসীন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় পাশের সোনারগাঁ আবাসিক হোটেলের স্বত্বাধিকারী গোলাম রসুলকে আবাসিক হোটেলের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সান্তাহার আবাসিক হোটেলে অবস্থানরত যুবক-তরুণীকে পুলিশ হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয় সিএনজি মালিক সমিতির সদস্য রাজু আহম্মেদ বলেন, সান্তাহার আবাসিক হোটেলের সামনে আমাদের সিএনজিগুলো যাত্রী ওঠানোর জন্য অবস্থান করে ফলে মহসীন আলীর হোটেলটি আমাদের নজরের সামনেই থাকে। আবাসিক হোটেলটিতে মাঝে মধ্যেই এমন সন্দেহজনক কপোত-কপোতীকে প্রবেশ করতে আমরা দেখি এবং বিষয়টি নিয়ে আমরা মহসীন ভাইকে বেশ কয়েকবার সতর্ক করি। তবে আজকের ঘটনাটি অত্যন্ত বিব্রতকর। প্রশাসনকে এই আবাসিক হোটেলের প্রতি নজর রাখার অনুরোধ রইলো।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, “সান্তাহার পৌর শহরে অন্যায়, বিশৃঙ্খলা, মাদক, অসামাজিকতা, জুয়াসহ আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অনিয়ম রোধে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”