শনিবার, আগস্ট ২২, ২০২৬

ডেমরায় থেকে গ্রেপ্তার জুয়েল বোমারু মামুনের সহযোগী

সোনার দেশ ডেস্ক ১৭ আগস্ট ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ আগস্ট ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
ডেমরায় থেকে গ্রেপ্তার জুয়েল বোমারু মামুনের সহযোগী

ঢাকার আশুলিয়া ও সাভারে সাম্প্রতি বোমা উদ্ধারের পর এবার রাজধানীর ডেমরা থেকে দুটি পাইপ বোমা উদ্ধার করা হয়েছে। ডেমরা পশ্চিম বক্সনগর এলাকার নিঝুমবাগ গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড় থেকে বোমা দুটি উদ্ধার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।


অভিযানকালে আরিফ চৌধুরী এবং জুয়েল ভূঞা ওরফ ‘ওস্তাদ জুয়েল’ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত বোমাসদৃশ বস্তু দুটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।


ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপকমিশনার মোহসিন মাসুদ সকালে বাংলানিউজকে বলেন, বোমারু মামুনের সহযোগী জুয়েল ওরফ ‘ওস্তাদ জুয়েল’ । 


ওই এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও এটিইউ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার এবং জুয়েলকে আটক করা হয়।


ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিঝুমবাগ এলাকায় সিটিটিসির একটি বিশেষ দল অভিযান চালায়।


অভিযান চলাকালে জুয়েল ভূঞা নামের এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো ৬ ইঞ্চি লম্বা ২টি পাইপ বোমা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত জুয়েল ভূঞা নরসিংদীর শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভূঞার ছেলে। অপর গ্রেপ্তারকৃত আরিফ চৌধুরী নিঝুমবাগ এলাকার আবদুল হাইয়ের ছেলে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া জুয়েল ওরফে ওস্তাদ ২০২৩ সালে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি মামলায় নরসিংদী কারাগারে বন্দি ছিলেন। গত জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগার ভেঙে যে কয়েদিরা পালিয়েছিলেন, জুয়েল ছিলেন তাদের অন্যতম। পরবর্তীতে আইনশৃঙ্ক্ষলা বাহিনী তাকে পুনরায় গ্রেপ্তার করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠায়।


কাশিমপুর কারাগারে থাকাকালে নব্য জেএমবির বোমার কারিগর ‘বোমারু মামুন’-এর সঙ্গে জুয়েল ও তার সঙ্গীদের যোগাযোগ ও সখ্য গড়ে ওঠে। পরবর্তীতে গত সেপ্টেম্বরে একে একে সকলেই আদালত থেকে জামিনে বের হয়ে আসে এবং পুনরায় সংগঠিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা শুরু করে।


সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিমের এক কর্মকর্তা জানান, পাইপ বোমা দুটি উদ্ধার শেষে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বাসায় তল্লাশি চালানো হলেও অতিরিক্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।


এদিকে ব্যস্ততম এলাকায় দিনদুপুরে পাইপ বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় অধিবাসীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিটিটিসির অভিযান শেষ হওয়ার পর গ্রেপ্তারকৃতদের ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ