শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিক্ষকরা স্কুলে আসেন না, তাই শিশুদের বিক্ষোভ

সোনার দেশ ১৭ আগস্ট ২০২৬ ০৯:৩১ অপরাহ্ন শিক্ষা
সোনার দেশ ১৭ আগস্ট ২০২৬ ০৯:৩১ অপরাহ্ন
শিক্ষকরা স্কুলে আসেন না, তাই শিশুদের বিক্ষোভ

শিক্ষকেরা বিদ্যালয়ে আসেন না। তাই বিক্ষোভে নেমেছে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের অববাহিকার চরাঞ্চলে অবস্থিত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা লাঠিসোঁটা হাতে আন্দোলনে নামে। এ সময় তাদের দলবদ্ধভাবে বন্ধ ক্লাসরুমের দরজায় লাথি মারতে দেখা যায়। 

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো স্কুলে আসেন না। সঠিক পাঠদান হয় না। 

বিদ্যালয়টির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, শিশু খাতুন, সামসুন্নাহার জানান, শিক্ষকরা দিনের পর দিন স্কুলে আসেন না। সময়মতো পাঠদান হয় না। শিক্ষকরা যাতে নিয়মিত হয়, সেই লক্ষ্যে আজ আন্দোলনে নেমেছে তারা।


স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর এমন অবস্থা হয়েছে। আজকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। পরে স্থানীয়রা গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। 

প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে কয়েক দফা কল দিলেও তিনি রিসিভ করেননি। 

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, বিযয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে গেলেন না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র: রাইজিংবিডি