শনিবার, আগস্ট ২২, ২০২৬

মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতা জুবায়ের বাপ্পি’র শোডাউন, গ্রেপ্তার দাবি

ঈশ্বরদী প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ১২:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতা জুবায়ের বাপ্পি’র শোডাউন, গ্রেপ্তার দাবি

পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় মাথায় বেঁধে প্রকাশ্যে অস্ত্র হাতে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে প্রায় ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে শোডাউন করেছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি ওরফে হুপ বাপ্পি। এ ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এসময় বাপ্পির সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সুলভ মালিথাও পায়ে হেঁটে থানার সামনে আসেন। তবে বাপ্পির দাবি তাকে হত্যার হুমকি দাতাদের এবং মাদক ও সুদের কারবারিদের ওপেন চ্যালেঞ্জ দিতে তিনি অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছেন।


এক পর্যায়ে ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা থানা ঘেরাও করে বাপ্পিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে শ্লোগান দিলে শহরময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যার পরও থানার সামনে বিপুল সংখ্যক মানুষ অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে পুলিশ জুবায়ের বাপ্পিকে পুলিশি হেফাজতে নিয়ে থানায় আটকে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার ও থানার ওসি আশাদুর রহমান আসাদসহ পুলিশ সদস্যরা থানার সামনে অবস্থান নেয়।   


জানা গেছে, বাপ্পির দাবি ঈশ্বরদীর কতিপয় সন্ত্রাসীরা তাকে হত্যা করার হুমকি দিয়েছে। এ কারনে তিনি হুমকি দাতাদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে গতকাল সোমবার শহরের কলেজ রোডে তার বাড়ি থেকে অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে পায়ে হেঁটে শহরের জিরো পয়েন্ট রেলগেটে আসেন। সেখান থেকে সন্ধ্যায় তিনি নিজেই থানায় গিয়ে বলেন, ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে’Ñ এ কারনে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে প্রকাশ্যে রাস্তায় নেমেছি। থানায় এসেছি।


এদিকে জুবায়ের বাপ্পি থানায় আছেÑ এখবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একজোট হয়ে কয়েকশ’ নেতাকর্মীদের নিয়ে থানা ঘেরাও করে জুবায়ের বাপ্পিকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়। স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, জুবায়ের বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার জন্য বকুলের মোড় থেকে রেলগেটে এসে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তাকে গ্রেপ্তার ও তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে। থানা হেফাজতে থাকা জুবায়ের বাপ্পি বলেন, আমি মাদক, সুদ কারবারিদের বিরুদ্ধে এবং আমাকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদের ওপেন চ্যালেঞ্জ জানাতে রাস্তায় নেমেছিলাম।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত জুবায়ের বাপ্পিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দিলে অস্ত্রের অপব্যবহার করলে সে অস্ত্রের লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল সোমবার রাত প্রায় দশটার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঈশ্বরদীতে এ ঘটনায় উত্তেজনা চলছিল।