রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
রাজবাড়ীর পাংশা উপজেলায় মোটর চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে এ ঘটনা ঘটে।
পরে বুধবার ভোরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ৩৫ বছর বয়সী জজ আলী বিশ্বাস পাংশার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। তিনি এলাকায় কৃষিকাজ করতেন।
স্থানীয়দের বরাতে ওসি মঈনুল বলেন, “গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যান জজ আলী। এ সময় স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি।
“খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা জজ আলীকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার আসল কারণ এবং এতে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
তথ্যসূত্র: বিডিনিউজ