শনিবার, আগস্ট ২২, ২০২৬

‘আপনার লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’ ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতা

সোনার দেশ ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন
‘আপনার লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’ ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতা
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন সেবাগ্রহীতা (টুপি পরিহিত)/ছবি-ভিডিও থেকে নেওয়া

নওগাঁয় ভূমি সেবা নিয়ে অসন্তোষের জেরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কর্মকর্তাকে উদ্দেশ করে ওই সেবাগ্রহীতা বলেন, ‌‘আপনার লাশ আমি বিলের পানিতে ভাসিয়ে দেব’। একই সঙ্গে তিনি কর্মকর্তার চলাচলের ওপর নজর রাখার কথাও বলেন।


সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কালিতলা এলাকায় অবস্থিত নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্য এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, নামজারির নথি হাতে সাদা পাঞ্জাবি ও টুপি পরিহিত অবস্থায় মোস্তাফিজুর রহমান নামের এক সেবাগ্রহীতা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান।


ভিডিওতে মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়, ‘কাগজপত্র না দেখে আপনি আমার খারিজ বাতিল করলেন কেন? এর আগেও একবার বাতিল করেছিলেন। সেটা ফেরত আনতে লেগেছে ১৫ দিন।’

জবাবে ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘তিন মাস হলো আইডিতে আছে। দাগ সংশোধন করে নিয়ে আসেন। আমি বলেছি দিয়ে দেব।’


তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংশোধন করে নিয়ে আসব কিন্তু তার আগেই আপনি বাতিল করলেন কেন? আপনি কি খালি হাতে মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করেন? আমার ক্ষতি করে যেতে পারবেন? আপনার লাশ দিঘলীর বিলে ভাসিয়ে দেব। সেটা চ্যালেঞ্জ করলাম। কীভাবে অফিস থেকে বাড়িতে যান সেটি দেখে নেব।’


সরকারি অফিসে ঢুকে একজন কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটা হুমকি নয়, সবার সামনে বলছি। আমি এটা করে দেখাব। এরপর আমার যা হবে হবে।’

নিজের ক্ষোভের কারণ জানিয়ে তিনি বলেন, ‘গত ১৮ মে একটি জমির নামজারি (খারিজ) করার জন্য আবেদন করেছিলাম। প্রথমে আবেদনটি বাতিল করা হয়। এরপর পুনরায় আবেদন করলেও সেটিও বাতিল হয়। এভাবে আমাকে বারবার হয়রানি করেছেন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম।’


মোস্তাফিজুর রহমানের এসব অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম। এ-সংক্রান্ত বিষয়ে কথা বলতে এসিল্যান্ডের (সহকারী ভূমি কমিশনার) নিষেধ আছে বলেও জানান তিনি।


ওইদিন এসিল্যান্ড ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে অফিসে গিয়ে দেখা করলে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘বিষয়টির আপস মীমাংসা করা হয়েছে। হুমকিদাতা ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন।’


এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, ‘ভূমি অফিসে ঢুকে ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া কোনো ছোটখাটো বিষয় নয়। এ ধরনের ঘটনা আপস মীমাংসার সুযোগ সেই। আগামী এক সপ্তাহের মধ্যে এসিল্যান্ড আইনগত পদক্ষেপ না নিলে আমি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’