শনিবার, আগস্ট ২২, ২০২৬

সূত্রাপুরে দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

সোনার দেশ ডেস্ক ২১ আগস্ট ২০২৬ ১২:১২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ আগস্ট ২০২৬ ১২:১২ অপরাহ্ন
সূত্রাপুরে দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

রাজধানীর সূত্রাপুরে একটি মোটর পার্টসের দোকানে অস্ত্র রেখে পুলিশি তল্লাশির মাধ্যমে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২-বোরের তাজা কার্তুজ জব্দ করেছে সূত্রাপুর থানা পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্যারিস্টার মো. জাকি উল্ল্যাহ বাহার (৫৮), মো. আনোয়ারুল হক (৬২), জাকির হোসেন লিটন (৪৮), হিরু বড়ুয়া ওরফে বাবু (৩৬) ও সরদার সাইদুর রহমান তুহিন (৪৭)।


বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মিডিয়া এক বার্তায় বিষয়টি গণমাধ্যমকে জানান।


পুলিশ জানায়, বুধবার বিকেলে আসামি গ্রেপ্তারের লক্ষ্যে তুরাগ থানার দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্কসংলগ্ন নাজিম উদ্দিন বারো ভূঁইয়া মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় সূত্রাপুর থানার টহল পুলিশও তাদের সহায়তায় এগিয়ে আসে।


অভিযান শেষে পুলিশ দল ‘ভূঁইয়া মোটরস’ নামের একটি দোকান থেকে বের হওয়ার সময় মুখোশধারী দুই ব্যক্তি দোকানের ভেতরে দুটি কার্টন রেখে দ্রুত পালিয়ে যায়। দোকানের কর্মচারীদের খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্টন দুটি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২-বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।


অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো গাড়িও জব্দ করা হয়েছে।


পরবর্তীতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে বুধবার (১৯ আগস্ট) রাতে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।


সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তে জানা যায়, মুখোশধারী ব্যক্তিরা মার্কেটের ‘টয়োটা প্লাস’ নামের অন্য একটি দোকান থেকে কার্টন দুটি সংগ্রহ করে ‘ভূঁইয়া মোটরস’-এ রেখে যায়। মূলত সাদা রঙের একটি মিতসুবিশি পাজেরো গাড়ি থেকে অস্ত্রভর্তি কার্টন দুটি আনা হয়েছিল।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মার্কেটের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানো এবং পুলিশি হয়রানিতে ফেলতে সাজানো এই তল্লাশির ছক আঁকা হয়েছিল। তবে পুলিশের সময়োপযোগী ও পেশাদার ভূমিকার কারণে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।


এ ঘটনায় সূত্রাপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে।


গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এ ঘটনায় জড়িত বাকি সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ