শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২১ আগস্ট ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ আগস্ট ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার নওদাপাড়া গ্রামের সিল্কসিটি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার খিরশিন টিকর গ্রামের মো: রাজু ইসলামের ছেলে বর্তমানে বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় বসবাসরত মো: জয় (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৩০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য আসামি জয় একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় ১টি মাদকসহ আরএমপির বিভিন্ন থানায় ৩টি মাদক ও ১টি পেনাল কোডে মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ২৭ এপ্রিল ২০২১; ১ জুন ২০২৩; ২৪ মে ২০২২; ০৫ আগস্ট ২০২১; ০৬ নভেম্বর ২০২০ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।


এছাড়াও একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম দামকুড়া থানার মুরারীপুর গ্রামে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মো: কাবিল (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।


তাছাড়াও আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম আজ ২১ আগস্ট রাত আনুমানিক পৌনে ২টার দিকে মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের রফিকুলের ছেলে মো: শিমুল (২৩); খোঁজাপুর মধ্যপাড়া গ্রামের মো: আজগর আলীর ছেলে মো: রিয়াজ উদ্দিন (২৮); চরসাতবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মো: নাসির (২৮) ডাঁশমারী মধ্যপাড়া গ্রামের আ: সালামের ছেলে মো: সজল (২৫) এবং শামসুল হকের ছেলে মো: সাইদুর রহমান (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয়।


সেই সাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৯০ টাকা এবং মাদক বিক্রির কাজে ০১টি ও জুয়া খেলার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, আসামি শিমুলের বিরুদ্ধে মতিহার থানায় পেনাল কোড আইনে ১টি; আসামি রিয়াজের বিরুদ্ধে মতিহার থানায় মাদক আইনে ২টি; আসামি নাসিরের বিরুদ্ধে মতিহার থানায় মাদক আইনে ১টি এবং আসামি সাইদুরের বিরুদ্ধে মতিহার থানায় মাদক আইনে ১টি মামলা রয়েছে।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।