শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

সাপাহার সোনাডাঙ্গা সীমান্ত সড়কের বেহাল দশা

সাপাহার( নওগাঁ) প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাপাহার( নওগাঁ) প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
সাপাহার সোনাডাঙ্গা সীমান্ত সড়কের বেহাল দশা

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী মরাডাঙ্গা ও গোপালপুর এলাকায় গ্রামীন সড়কে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কসহ আশপাশের এলাকার মানুষের চলাচলে চরম বিঘ্ন ও দুর্ভোগ দেখা দিয়েছে।


স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ অনেকটা বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি সড়কের ওপর জমে দীর্ঘসময় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ বাড়ছে।


বিশেষ করে উপজেলার সোনাডাঙ্গা, সুন্দরইল বিজিবি ক্যাম্প সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটিতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সড়কটি সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার একমাত্র পথ হওয়ায় দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।


গত ২০ আগস্ট অনুষ্ঠিত উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন ও খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত জলাবদ্ধতা নিরসন ও সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আহ্বান জানান।


স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষা মৌসুমে প্রতিবছরই একই সমস্যার সৃষ্টি হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ না থাকায় দুর্ভোগ থেকেই যাচ্ছে। তারা দ্রুত সরেজমিন পরিদর্শন করে সড়কের পাশে পরিকল্পিত ড্রেন, কারভার্ড নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই পারে গুরুত্বপূর্ণ এই সীমান্ত সড়ক ও জনসাধারণের চলাচলকে স্বাভাবিক রাখতে।