অপরাধ দমনে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত তালুকদার
বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত সীমান্তবর্তী চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে এ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, আদমদীঘি উপজেলার চাঁপাপুর একটি প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকা। এর আশপাশে নন্দীগ্রাম, কাহালু ও রানীনগর থানার সীমানা থাকায় অপরাধীরা এক এলাকায় অপরাধ করে অন্য এলাকার সীমানা দিয়ে সহজেই পালিয়ে যাওয়ার সুযোগ পায়। এ কারণে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁপাপুরে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এমপি মহিত তালুকদার আরও বলেন, জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজ থেকে পুরোপুরি অপরাধ দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।
সহকারী পুলিশ কমিশনার তহুরার সঞ্চালনায় অনুষ্ঠান সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ তালুকদার। এছাড়া বক্তব্য দেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সহসভাপতি ও নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু মোতালেব ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।