শনিবার, আগস্ট ২২, ২০২৬

রুবেলের ঘূর্ণি ও জিসানের তাণ্ডব: নেপালকে বিধ্বস্ত করল বাংলাদেশ এইচপি

সোনার দেশ ডেস্ক ২২ আগস্ট ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২২ আগস্ট ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
রুবেলের ঘূর্ণি ও জিসানের তাণ্ডব: নেপালকে বিধ্বস্ত করল বাংলাদেশ এইচপি
সংগৃহীত ছবি

বোলিংয়ে মোহাম্মদ রুবেলের ঘূর্ণি জাদুর পর ব্যাট হাতে জিসান আলমের তাণ্ডবে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনের মারারা স্টেডিয়ামে নেপাল ‘এ’ দলকে মাত্র ৯৯ রানে আটকে দেওয়ার পর ৫৮ বল হাতে রেখেই বড় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।


টস জিতে প্রথমে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ এইচপি দলের অধিনায়ক ইরফান শুক্কুর। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে শুরু থেকেই নেপালি ব্যাটারদের ওপর চরম চাপ সৃষ্টি করেন বাংলাদেশি বোলাররা।


দলীয় মাত্র ১৩ রানেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেপাল ‘এ’ দল।


নেপালের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের মাঝে একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান কুশল ভুর্তেল।


তার দায়িত্বশীল ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রানের সংগ্রহ দাঁড় করায় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ভুর্তেল।


এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন সাহাব আলম এবং ১১ রানে অপরাজিত থাকেন বিপিন খত্রী। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।


বাংলাদেশের হয়ে বল হাতে বিধ্বংসী ছিলেন অফস্পিনার মোহাম্মদ রুবেল। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় তুলে নেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। এছাড়া সামিউন বাসীর, রিপন মণ্ডল এবং রোহান উদ দৌলা প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।


১০০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই অতি-আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শনী দেখায় বাংলাদেশ। মাত্র ২ ওভারেই কোনো উইকেট না হারিয়ে দলীয় স্কোরবোর্ডে ৩২ রান যোগ করেন দুই ওপেনার। তৃতীয় ওভারে ওপেনার হাবিবুর রহমান সোহান আউট হয়ে ফিরলে কিছুটা ধাক্কা লাগলেও তা ইনিংসের গতিতে কোনো প্রভাব ফেলেনি।


সোহানের বিদায়ের পর তিন নম্বরে নামা আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে বিধ্বংসী মেজাজে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার জিসান আলম। চার-ছক্কার ফুলঝুরিতে মাত্র ২৯ বলে নিজের ঝলমলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন জিসান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১০.২ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।


দলের জয় নিশ্চিত করে ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জিসান আলম। অপর প্রান্তে তাকে দারুণ সঙ্গ দিয়ে ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলাম।


অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশ দলের তৃতীয় অংশগ্রহণ। টুর্নামেন্টের আগের দুই আসরের মধ্যে একবার ফাইনাল খেলার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ, যদিও সেবার শিরোপা জেতা সম্ভব হয়নি। দুর্দান্ত এই জয়ের পর আগামীকাল একই স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচে হোবার্ট হারিকেনস একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল।


তথ্যসূত্র: বাংলানিউজ