রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নোয়াখালীতে মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে গুলি, ২ স্কুলছাত্র আহত

সোনার দেশ ডেস্ক ২৩ আগস্ট ২০২৬ ১২:১৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ আগস্ট ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
নোয়াখালীতে মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে গুলি, ২ স্কুলছাত্র আহত

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা থেকে ছোড়া ছররা গুলিতে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র আহত হয়েছেন।

শনিবার রাতে জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান।


আহতরা হলেন, বারইচতল গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সাকিবুল হাসান (১৬) ও কফিল উদ্দিন মো. শিপনের ছেলে সাকায়েত হোসেন নাদিম (১৬)। তারা দুইজন বেগমগঞ্জের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আহত সাকিব ও নাদিম বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাংলাবাজার থেকে সাকিবের ভাতিজা সাহিলসহ তারা তিনজন একটি মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন।


পথে সিএনজিচালিত দুটি অটোরিকশা তাদেরকে ফলো করতে শুরু করে। পরে অটো রাইস মিলের সামনে পৌঁছালে তাদেরকে মোটরসাইকেল থামাতে বলা হয়।

এ সময় তারা অটোরিকশার যাত্রীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পান। তাই তারা মোটরসাইকেল না থামিয়ে এগিয়ে যান। তখন অটোরিকশা থেকে তাদেরকে লক্ষ্য করে পরপর দুই দফা গুলি ছোড়া হয়।


এতে সাকিব ও নাদিম গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এরপর অটোরিকশার যাত্রীরা তাদেরকে ধাওয়া করলে তারা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা আহত দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজীব আহমেদ চৌধুরী বলেন, “রাত একটার পরে বেগমগঞ্জ থেকে গুলিবিদ্ধ দুইজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।”


ওসি মো. শামসুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে ভুক্তভোগীদের সাথে দেখা করে তাদের বক্তব্য নিয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এর আগে গত সোমবার রাত ১১টার দিকে গায়ে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছিলেন।


তথ্যসূত্র: বিডিনিউজ