রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

সোনার দেশ ডেস্ক ২৩ আগস্ট ২০২৬ ০১:২৯ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২৩ আগস্ট ২০২৬ ০১:২৯ অপরাহ্ন
আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যদিও ব্যাটিং ব্যর্থতায় তাদের শেষটা ভালো হয়নি। ইতিহাসে প্রথমবার দু’দিনেই টেস্ট হারল ইনিংস এবং ৫১ রানের ব্যবধানে। এর আগে সফরের শুরুটা একপেশে দাপট দেখিয়ে। অস্ট্রেলিয়াকে প্রথমবার তাদের মাটিতে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ইতিহাসের স্মরণীয় অবস্থানে উঠেছে।


ম্যাকাই টেস্ট শেষ হতেই আজ (রোববার) আইসিসি তাদের দলীয় টেস্ট র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। যেখানে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে উঠেছে ষষ্ঠ স্থানে। এর আগে টেস্ট ফরম্যাটে কখনোই এত উঁচুতে যেতে পারেনি টাইগাররা। এই মুহূর্তে নাজমুল হাসান শান্তদের রেটিং পয়েন্ট ৭৮।


অবশ্য র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবস্থান হয়তো বেশি সময় স্থায়ী হবে না। কারণ রেটিং পয়েন্টে তাদের সঙ্গে পরবর্তী তিনটি দলের ব্যবধান সর্বোচ্চ ৪ পয়েন্ট। বাংলাদেশ ছয়ে ওঠায় অবনতি হয়েছে সেই তিন দলের। একধাপ অবনতির পর যথাক্রমে সাতে শ্রীলঙ্কা (৭৬ রেটিং), আটে পাকিস্তান (৭৫ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং) নয় নম্বরে নেমে গেছে।


পুরুষ ক্রিকেটের টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে যথাক্রমে অবস্থান করছে– অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। মূলত নম্বর ওয়ান অজিদের ডারউইন টেস্টে ৯ উইকেটে হারানোর পুরস্কারই পেল বাংলাদেশ। ম্যাকাই টেস্টে জিততে পারলে রেটিং পয়েন্টে তারা আরও এগিয়ে যেতে পারত।


এদিকে, এর আগে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান ছিল সপ্তম। ঘরের মাঠে গত মে মাসে পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এরপরই তারা প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠেছিল। তবে রেটিং ব্যবধান কম থাকায় অবনতি হতে সময় লাগেনি। এর মাঝে জিম্বাবুয়েতে গিয়ে একমাত্র টেস্ট ম্যাচে হেরেছিল বাংলাদেশ।


তথ্যসূত্র: ঢাকাপোস্ট