ঈশ্বরদীতে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে সজীব মোল্লা (২৭) নামের এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ঈশ্বরদীস্থ পাকশীর সেনা ব্যারাকের কোয়ার্টার ভবনের একটি কক্ষ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন।
তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার চক দিয়াইল এলাকার মজিদ মোল্লার ছেলে। তিনি গত ৯ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার কর্মস্থলের ডিউটি শেষে সজীব নিজ কক্ষের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। পরে তার অনুপস্থিতিতে কক্ষের দরজা নক করে তার কোন সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙ্গে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে জানান স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ইয়াদুর রহমান বলেন, নিহত সেনা সদস্যের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার পর ঈশ্বরদী থানা থেকে পাবনা জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় রূপপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা উক্ত সেনা সদস্যের লাশ উদ্ধার করে। ওসি জানান, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।