রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অপসারণের দাবিতে বিক্ষোভ

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৩ আগস্ট ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৩ আগস্ট ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন
পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অপসারণের দাবিতে বিক্ষোভ

দিনাজপুরের পার্বতীপুরে গ্রাহকদের ওপর প্রিপেইড মিটার জোরপূর্বক চাপিয়ে দেওয়া, অতিরিক্ত বিল চার্জ আদায় ও নানা ধরনের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকালে পার্বতীপুর নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।


​সকাল থেকেই পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ বিদ্যুৎ গ্রাহক খণ্ড খণ্ড মিছিল নিয়ে পার্বতীপুর শহরের ঢাকা মোড়ে জড়ো হন। পরে সেখানে একটি বিশাল বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।


এর আগে  আয়োজিত সমাবেশে পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক মো: আবু তাহেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অলিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন,পার্বতীপুর নাগরিক কমিটির সদস্য আমান উল্লা আমান।


​এছাড়াও সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মমতাজ আলী মন্ডল, আব্দুর রহমান, শফিউল ইসলাম, নিলুফা ইয়াসমিন ও তোফিলা বেগম।


​বক্তারা বলেন, “দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এই প্রিপেইড মিটারের কারণে রিচার্জ, ব্যালেন্স, জরুরি ব্যালেন্স, মিটার সংক্রান্ত বিভিন্ন ত্রুটি ও কারিগরি সমস্যায় সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকরা নানামুখী আর্থিক সংকটে পড়েছেন।”


​বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে আল্টিমেটাম দেন এবং বলেন, “আমাদের সাবেক মিটার যদি দ্রুত ঘরে ঘরে পুনর্বহাল করা না হয়, তবে আপনাদের এই প্রিপেইড মিটার আমরা খুলে আপনাদের অফিসে জমা দিয়ে দেব এবং ডাইরেক্ট বিদ্যুৎ ব্যবহার করব। এর সমস্ত দায়দায়িত্ব আপনাদেরই নিতে হবে।”


​স্মারকলিপিতে পার্বতীপুর উপজেলায় নতুন করে প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করা, ইতোমধ্যে স্থাপিত প্রিপেইড মিটার অপসারণ করে পূর্বের মিটার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত আর্থিক চাপ বন্ধ করার জোর দাবি জানানো হয়।