রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নেশার টাকার জন্য মা-ভাইকে বটি দিয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক ২৩ আগস্ট ২০২৬ ১০:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ আগস্ট ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
নেশার টাকার জন্য মা-ভাইকে বটি দিয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

রাজশাহীতে নেশার টাকার জন্য মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামে এক ব্যক্তি ধারালো বটি দিয়ে তার মা ও ছোট ভাইকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।


শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেহেদী হাসান ওই এলাকার স্থায়ী বাসিন্দা।


রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলে মোঃ মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪), পিতা-মৃত আঃ রহিম, মাতা-মোসা. মনোয়ারা খাতুন ওরফে টুলু, সাং-মেহেরচন্ডী উত্তরপাড়া, থানা-চন্দ্রিমা, মহানগর রাজশাহী তার মা মোসা. মনোয়ারা খাতুন ওরফে টুলু (৫৫) ও ছোট ভাই মো. মৃদুল (২৮)-কে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।


ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা হামলাকারী মুন্নাকে আটক করে মারধর করে। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে আহত তিনজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে গত রাতে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে হামলাকারী মো. মেহেদী হাসান ওরফে মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ব্যবহৃত ধারালো বঁটিটিও উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ: সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ফেসবুক আইডি ও পেজ থেকে এ ঘটনায় ভিকটিমদের মৃত্যুর বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে ভিকটিমদের মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের মিথ্যা ও গুজবনির্ভর তথ্য প্রচার অনাকাঙ্ক্ষিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার জন্য সকলকে অনুরোধ করা হলো।