বিএমডিএ’র চলমান উন্নয়ন প্রকল্প ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে মতবিনিময়
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, মাঠপর্যায়ের কার্যক্রম, সেচ ব্যবস্থাপনা এবং বাস্তবায়নাধীন কাজের বিভিন্ন সমস্যা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিএমডিএ রাজশাহী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা)। সভায় সংস্থার বিভিন্ন কর্মকর্তা, প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে কী ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে, কৃষকদের সেবা দিতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এবং এসব সমস্যা কীভাবে দ্রুত সমাধান করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বরেন্দ্র অঞ্চলের কৃষি, কৃষক ও মানুষের জীবনমানের উন্নয়নে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি ও কৃষকের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কৃষকের উৎপাদন বাড়ানো, সেচ সুবিধা সম্প্রসারণ, পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
বিএমডিএ ও সেই লক্ষ্য বাস্তবায়নে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের কৃষকই এ অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই কৃষকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএমডিএ‘র প্রতিটি প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। মাঠপর্যায়ের সমস্যা গুলো দ্রুত চিহ্নিত করে সমাধান এবং কৃষকের কাছে সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি সমৃদ্ধ হলে দেশ এগিয়ে যাবে। তাই বরেন্দ্র অঞ্চলের কৃষিকে টেকসই ও সমৃদ্ধ করতে বিএমডিএ তার দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবে।
সভায় বিএমডিএ‘র নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খান বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিএমডিএ‘র মূল লক্ষ্য হচ্ছে বরেন্দ্র অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন। তাই মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কৃষকবান্ধব করতে হবে।
কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় চলমান প্রকল্প গুলোর অগ্রগতি, সেচ অবকাঠামো, কৃষকদের বিভিন্ন সমস্যা, মাঠপর্যায়ের কার্যক্রমের প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার কার্যক্রম ও সমস্যাগুলো তুলে ধরেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে মতামত দেন।
সভায় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান, বিএমডিএ‘র পরিচালনা বোর্ড সদস্য শফিকুল আলম সমাপ্ত, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সমসের আলী, নির্বাহী প্রকৌশলী ও সচিব মোঃ এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী এ.এস.এম দেলোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী মোঃ সৈয়দ জিল্লুল বারী, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিএমডিএ‘র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।