রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক ২৩ আগস্ট ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ আগস্ট ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর

রাজশাহীর নতুন পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।


রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।


নব যোগদানকৃত পুলিশ সুপার মো. মামুন অর রশিদের পূর্ববর্তী কর্মস্থল ছিল পুলিশ সদর দপ্তর, ঢাকা। তিনি ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি পরিচিত। রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করলেন।


অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগে যোগদানের উদ্দেশ্যে রোববার রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।


দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ সময়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমে তিনি প্রশংসা অর্জন করেন।