রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সিরাজগঞ্জে কৃষক হত্যায় ৬ জনের যাবজ্জীবন

সোনার দেশ ডেস্ক ২৩ আগস্ট ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ২৩ আগস্ট ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
সিরাজগঞ্জে কৃষক হত্যায় ৬ জনের যাবজ্জীবন
ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় ছানোয়ার হোসেন নামে এক কৃষককে হত্যার দায়ে তার বন্ধুসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


রোববার (২৩ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ দণ্ডাদেশ দেন।


একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


দণ্ডপ্রাপ্তরা হলেন-উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চরবেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হীরা মানিক, আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম, চরগোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের মো. মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।


আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় ছয় আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


মামলার বাদীর এজাহার সূত্রে জানা যায়, বন্ধুত্বের সুবাদে কৃষক ছানোয়ার হোসেনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেন পার্শ্ববর্তী চরবেড়া গ্রামের হীরা মানিক। ধার নেওয়ার পর যথাসময়ে টাকা ফেরত দিতে গড়িমসি করছিলেন তিনি।


পাওনা টাকা ফেরত পেতে ছানোয়ার তার বন্ধু হীরা মানিককে চাপ দেন। একপর্যায়ে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।


এরই মধ্যে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় হীরা মানিক ফোন করে ছানোয়ার হোসেনকে ডেকে নেন। এরপর থেকেই ছানোয়ারের সন্ধান পাচ্ছিল না তার পরিবার। চার দিন পর, ১২ জুলাই সকালে উপজেলার সূর্য নদী থেকে ছানোয়ারের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে হীরা মানিকের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।


সাক্ষ্য-প্রমাণ শেষে রোববার বিকেলে অভিযোগপত্রে অভিযুক্ত ছয় আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।


তথ্যসূত্র: বাংলানিউজ