শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৩০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে ৫৩ বিজিবি। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া গ্রাম থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল সকাল ১০টার দিকে চালকিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় ১৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা।
পরে উদ্ধার করা এস্কাফ সিরাপগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।