সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ঈশ্বরদীতে রূপপুর প্রকল্প ঘিরে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া

ঈশ্বরদী প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ ১১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে রূপপুর প্রকল্প ঘিরে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় অগ্নিকান্ড, রেডিয়েশন জরুরি অবস্থা ও প্রচলিত যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়লে বিকল্প যোগাযোগ চালুর সক্ষমতা যাচাইয়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (২৩ আগস্ট) উপজেলার পাকশী ইউনিয়নের অস্থায়ী আর্মি ফুটবল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী দেশব্যাপী ‘কমিউনিকেশন এক্সারসাইজ’-এর অংশ হিসেবে রাজশাহী বিভাগের নির্ধারিত স্পটে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় রূপপুর প্রকল্পের একটি সহায়ক ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে অগ্নিকান্ড ও ধোঁয়া সৃষ্টি, পরে রেডিয়েশন সতর্কতা এবং একই সময়ে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও ল্যান্ডলাইন অচল হয়ে পড়ার কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয়। ফায়ার অ্যান্ড রেসকিউ টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি কাল্পনিক রেডিয়েশন অস্বাভাবিকতা শনাক্ত হলে সংশ্লিষ্ট এলাকাকে ‘রেস্ট্রিকটেড এরিয়া’ ঘোষণা করে রেডিয়েশন প্রটেকশন টিম নিরাপত্তা কার্যক্রম জোরদার করে।


মহড়ায় প্রচলিত সব যোগাযোগব্যবস্থা অচল ধরে নিয়ে অ্যামেচার রেডিওর মাধ্যমে বিকল্প যোগাযোগ নেটওয়ার্ক চালু করা হয়। এ ব্যবস্থায় ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সাড়াদানকারী সংস্থার মধ্যে জরুরি বার্তা আদান-প্রদান ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল কার্যক্রম পরিচালনা করা হয়। একপর্যায়ে প্রাথমিক রেডিও চ্যানেল অচল করে ব্যাকআপ চ্যানেলের মাধ্যমে যোগাযোগ চালিয়ে সক্ষমতা যাচাই করা হয়। এ ছাড়া তিনজন কর্মী আহত হওয়ার কাল্পনিক পরিস্থিতিতে সার্চ অ্যান্ড রেসকিউ টিম তাদের উদ্ধার করে। পরে ফিল্ড মেডিকেল পয়েন্ট ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াও প্রদর্শন করা হয়।


মহড়ায় ফায়ার ফাইটিং, রেসকিউ, ফার্স্ট এইড ও রেডিয়েশন মনিটরিং টিমসহ ঈশ্বরদীর চারটি ফায়ার সার্ভিস ইউনিট অংশ নেয়।


মহড়ায় নেতৃত্ব দেন পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরফুল আহসান ভূঁইয়া। পরিচালনায় ছিলেন উপসহকারী পরিচালক মো. সাদিকুল বারী, রাজশাহীর সহকারী বেতার প্রকৌশলী আবু সুফিয়ান ও এআরএবির প্রতিনিধিরা। এ সময় ঈশ্বরদী ফায়ার সার্ভিসের পরিদর্শক মীর আমিরুল ইসলাম বাপ্পীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ফায়ার সার্ভিস সূত্র জানায়, বড় ধরনের দুর্যোগে প্রচলিত যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়লে বিকল্প রেডিও যোগাযোগের মাধ্যমে দ্রুত সাড়াদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করাই এ মহড়ার মূল উদ্দেশ্য।