চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু, মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে একদিনে পৃথক তিন ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) জেলার সদর, ভোলাহাট ও নাচোল উপজেলায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে সদর উপজেলায় ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত এক তরুণী নিহত হয়েছেন, ভোলাহাটে উদ্ধার হয়েছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। আর নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সোহেল হাসদা (১৯) নামে এক তরুণ।
সোমবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা রেলক্রসিং এলাকায় ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী এক তরুণী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশিষ কুমার সরকার জানান, নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিট তাঁর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানায়, ওই তরুণীকে গত চার-পাঁচ দিন ধরে মহাডাঙ্গা এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নিজের বাড়ি খুলনা বা যশোর এলাকায় বলে তিনি স্থানীয়দের জানিয়েছিলেন।
অন্যদিকে, সোমবার সকাল ৬টার দিকে ভোলাহাট উপজেলার পল্লীমঙ্গল পলিটেকনিক কলেজের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি নিজেকে বাবুল নামে পরিচয় দিতেন এবং টাঙ্গাইলের মধুপুর থানার কাশীনাথপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছিলেন। তবে পুলিশ যাচাই করে ওই ঠিকানার সত্যতা পায়নি। তাঁর মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, নাচোল উপজেলার নাচোল-আমনুরা সড়কের মানিকরা পাড়া এলাকায় বাঁশঝাড়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল হাসদা নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাসনা গ্রামের বাজুন হাসদার ছেলে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিদ্যুৎ সংস্কারকাজ চলার সময় অসতর্কভাবে সোহেলকে দিয়ে বাঁশ কাটানো হচ্ছিল। বাঁশ কাটার একপর্যায়ে সেটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।