চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও চোলাই মদসহ ৪ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ১০০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ সময় সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া এলাকা থেকে গাঁজাসহ এক ব্যক্তি এবং পৌরসভার নয়াগলা এলাকা থেকে চোলাই মদসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটে চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ।
অভিযানকালে মো. আনারুল ইসলামের (৪৪) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনারুল ইসলাম চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।
অন্যদিকে, রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগলা এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে ২৫০ বোতল দেশীয় চোলাই মদ জব্দ করে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। বোতলগুলোতে মোট ১০০ লিটার চোলাই মদ ছিল। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর এলাকার মৃত আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে মো. আবুল বাশার, নিমতলা এলাকার রকিবুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম এবং একই এলাকার আব্দুল খালেক শেখের ছেলে মো. শামীম হোসেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, চোলাই মদ পরিবহনের সময় অটোরিকশা থেকে মদগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ, গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আনারুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ এবং মাদকসংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করলে তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথা জানিয়েছে।