নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে রাসিকের কার্যক্রম জোরদারের নির্দেশ
রাজশাহী মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও আইল্যান্ড সংস্কার এবং নগরীর সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
সভায় রাসিক প্রশাসক নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সড়ক ও আইল্যান্ডের সংস্কারকাজ ত্বরান্বিত করা এবং নগরীর সৌন্দর্যবর্ধনে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। নাগরিকদের চলাচল নির্বিঘ্ন রাখা, নগরীর সার্বিক পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়িয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল তারেক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন ও নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আয়েশা বেনজিরসহ রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।