চার জেলায় গরু চোর সিন্ডিকেটের হোতা উজ্জ্বল গ্রেপ্তার
রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—চার জেলায় গরু চুরির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম হোতা মো. উজ্জ্বলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত তাঁর পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার উজ্জ্বল নওগাঁর মান্দা উপজেলার শালদহ গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোরের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর গোদাগাড়ীর নারায়ণপুর গ্রামে এক কৃষকের বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনায় দায়ের করা মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উজ্জ্বল নিজের পিকআপ ভ্যান চালিয়ে গভীর রাতে চোর চক্রের সদস্যদের বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। গত ১৮ সেপ্টেম্বর নারায়ণপুর গ্রামে কৃষকের বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ভিডিও ফুটেজে একটি পিকআপ ভ্যান দেখতে পায়। পরে অনুসন্ধান চালিয়ে পিকআপটির মালিক উজ্জ্বলকে শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ীহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে পিকআপসহ উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন নামের এক কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, নারায়ণপুর গ্রাম থেকে চুরি হওয়া তিনটি গরু জসিমের কাছে বিক্রি করা হয়েছিল। তাঁর বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধরমপুর গ্রামে।
চার জেলায় গরু চুরির ঘটনায় উজ্জ্বলের সংশ্লিষ্টতা এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।