চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে ৯২টি ককটেল, গান পাউডার সদৃশ পদার্থ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গান পাউডার সদৃশ পদার্থ ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের ওই আমবাগানে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। এতে সহযোগিতা করে এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ দল।
অভিযানে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গান পাউডার সদৃশ পদার্থ, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
র্যাবের ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও সরঞ্জাম আমবাগানে মজুত করে রেখেছিল।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানায়নি র্যাব।