সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

রাবি শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাবি প্রতিবেদক ১৬ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৬ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
রাবি শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ নারী গুরুত্বর আহত হয়েছেন। এছাড়াও অভিযুক্ত চালককে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। 


শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে নগরীর তালাইমারী শহিদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম ব্যক্তির নাম মো. শাহজাহান (৫০)। তিনি গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর গ্রামের মৃত সোহবুলের ছেলে। 


এঘটনায় আহত হয়েছে মিতা বেগম (৪০) নামের এক নারী। এছাড়াও তার মেয়ে সুবাইদা জান্নাত আরশি (১০)  গুরুত্বর আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত শিক্ষার্থীর নাম এসএম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে শাহজাহান নামের এক ব্যক্তি মারা গেছেন। বাকি আহত দুজনের চিকিৎসা চলছে। তাদের অবস্থাও গুরুত্বর।  


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ পুলিশ কমিশনার (মিডিয়া) গাজীউর রহমান বলেন, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি সড়কের এক পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়।


তিনি আরও বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কোনো মামলা হয়নি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।