সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে এমপির সহায়তা

গোমস্তাপুর প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে এমপির সহায়তা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডে উৎপাদিত বিস্কুট, কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজারসংলগ্ন কারখানাটিতে এ আগুন লাগে। এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।


ক্ষতিগ্রস্ত কারখানাটি স্থানীয় ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (ভাদু) মালিকানাধীন। ‘সতেজ বেকারি’ বা ‘সততা বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি’ নামে পরিচিত কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধা জানান, প্রাথমিকভাবে কারখানার চুল্লি বা ওভেন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাটি শুক্রবার পরিদর্শন করেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি ব্যবসায়ী আব্দুস সাত্তারের খোঁজখবর নেন এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে তাঁকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন।


এ সময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নতুন করে ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দা ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।