সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় ৫৫ মণ্ডপে বিজিবির স্ট্রাইকিং ফোর্স

পত্নীতলা প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
দুর্গাপূজার নিরাপত্তায় ৫৫ মণ্ডপে বিজিবির স্ট্রাইকিং ফোর্স

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁ ও জয়পুরহাটের ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।


বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে এ প্রস্তুতি নেওয়া হয়েছে।


ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নওগাঁর সাপাহার, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৫টি এবং জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬টি পূজামণ্ডপের পাশাপাশি ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ১৪টি পূজামণ্ডপে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গত ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এসব কার্যক্রম পরিচালিত হয়।

১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবেন।


এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত টহল পরিচালনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকবেন তাঁরা।


পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”


তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদী।