সিরাজগঞ্জে দখলমুক্ত হলো সরকারি খেলার মাঠ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি চার বিঘা আয়তনের একটি খেলার মাঠটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। দখলের ঘটনা নিয়ে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর মাঠটি দখলমুক্ত করে প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জাগো নিউজে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে যাওয়া হয়। সেখানে স্থানীয়দের বক্তব্য ও জায়গার কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সেটি সরকারি সম্পত্তি। পরে ট্রাক্টর দিয়ে হালচাষ করা দখলদার ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এই ধরনের অন্যায় কাজ থেকে তারা বিরত থাকবেন বলে মুচলেকা দেন।
তিনি আরও জানান, জায়গাটি দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। ফলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকরা খেলার মাঠ হিসেবেই সেটি ব্যবহার করছেন। এ কারণে আমরাও খেলার মাঠ হিসেবেই জায়গাটিকে উন্মুক্ত করে দিয়েছি।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) ‘সরকারি খেলার মাঠ দখল করে ট্রাক্টর দিয়ে হালচাষ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। এ সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম ও জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দেন।
প্রকাশিত ওই সংবাদে বলা হয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে সরকারি চার বিঘা আয়তনের একটি খেলার মাঠ চাষাবাদের উদ্দ্যেশ্যে ট্রাক্টর দিয়ে হালচাষ করে দখলে নেওয়া হয়েছে।
দখলদালররা হলেন- ওই গ্রামের হেকমত আলী সরকার, আল-আমিন সরকার, নূর মোহাম্মদ সরকার, ওমর আলী সরকার, হারান সরকার ও তোফাজ্জল সরকার। পরে এ ঘটনায় ক্রীড়াপ্রেমী স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয়দের ভাষ্য, জায়গাটি খাস খতিয়ানভুক্ত হওয়ায় ২০১৯ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সামাজিক নিরাপত্তা ও আবাসন প্রকল্পের আওতায় গৃহহীনদের গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে সেখানে মাটি ভরাট করেছিল। এরপর সেখানে আর গুচ্ছগ্রাম হয়নি। এ কারণে তারা জায়গাটি খেলার মাঠ হিসেবেই ব্যবহার করে আসছিলেন।
তথ্যসূত্র: জাগোনিউজ