সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা খুঁজতে ক্যান্টন মেলায় যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ২১ ব্যবসায়ী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন
আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা খুঁজতে ক্যান্টন মেলায় যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ২১ ব্যবসায়ী

আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো, নতুন ব্যবসার সম্ভাবনা খোঁজা এবং বিশ্ববাজারে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্যকে পরিচিত করার লক্ষ্য নিয়ে চীনের ক্যান্টন মেলায় অংশ নিতে যাচ্ছেন জেলার ২১ ব্যবসায়ী।


দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মনোনীত এই ব্যবসায়ী প্রতিনিধি দল শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন। শনিবার চেম্বারের সচিব বঙ্কিম চন্দ্র দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের গুয়াংজু শহরে ১৮ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী ক্যান্টন মেলা শুরু হবে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা এ মেলায় অংশ নিয়ে পণ্য আমদানি-রপ্তানি, নতুন সরবরাহকারীর সন্ধান এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পান।


চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনটির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা, মো. নাজিবুর রহমান, মো. আব্দুল বারেক, মো. আরিফ উদ্দিন ইতি ও মো. আব্দুল আওয়াল। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. নাসিম, মো. নাজিমুল হক, মো. আব্দুল ওয়াশি মুহাম্মদ, মাসুম বিল্লাহ, আব্দুল মোমিন, ওমর ফারুক সুমন, ইসমাইল খান শামীম, মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, আলি হাসান মুক্ত, রুবেল আলী, জাহিদ হাসান ও শরিফুল ইসলাম। দলের সঙ্গে থাকছেন চেম্বারের সহকারী সচিব জয় কুমার ঘোষ।


চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ বলেন, বর্তমান বিশ্বে ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের ক্যান্টন মেলায় চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের অংশগ্রহণ নতুন অভিজ্ঞতা অর্জন, আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।