আদমদীঘিতে জিপিএ-৫ পাওয়া ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা
বগুড়ার আদমদীঘিতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১১০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান—সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয় ও সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ২১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা প্রমুখ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের সাফল্যের স্বীকৃতি জানানো হয়। শিক্ষার্থীদের এ অর্জন ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।