সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

রাজশাহীতে কৃষকদের বিভাগীয় প্রতিনিধি সভা

নিজস্ব প্রতিবেদক ১৭ অক্টোবর ২০২৬ ১১:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৭ অক্টোবর ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
রাজশাহীতে কৃষকদের বিভাগীয় প্রতিনিধি সভা

কৃষকের অধিকার প্রতিষ্ঠা ও কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারে কৃষকদের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষক নেত্রী রহিমা বেগমের সভাপতিত্বে দিনব্যাপী এ সভায় রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশ নেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় টিমের সমন্বয়কারী মাহমুদ জামাল কাদেরী। সভায় কৃষকেরা উৎপাদন খরচ, কৃষিপণ্যের বাজারজাতকরণ ও কৃষি উপকরণ সংগ্রহের নানা সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, ফসল উৎপাদনে কৃষকদের বিপুল খরচ হলেও অনেক সময় তাঁরা উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম পান না।


এ কারণে কৃষকের স্বার্থ রক্ষায় উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে কৃষিপণ্যের ন্যায্য দাম নির্ধারণের কার্যকর ব্যবস্থা প্রয়োজন। বক্তারা আরও বলেন, সার, বীজ ও সেচসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য করতে হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন এবং জৈব সার তৈরি ও ব্যবহারে কৃষকদের সহায়তা দেওয়া জরুরি।


এসব উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক ও মতাদর্শগত বিভাজনের ঊর্ধ্বে উঠে কৃষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। সভায় পর্যবেক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধ্যাপক আমিনুল হক, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের কলেজ অধ্যাপক নুরুজ্জামান খান, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন, কৃষক নেতা কামরুজ্জামান টিপু, কুড়িগ্রামের কৃষক নেতা মো. আরিফুল ইসলাম জুয়েল, তানোর আঞ্চলিক কমিটির সদস্যসচিব মো. আযহার আলী এবং পবার বড়গাছী ইউনিয়নের কৃষক নেতা জুয়েল রায়হান। সভা থেকে তৃণমূল পর্যায়ে কৃষিজীবীদের সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় আগামী এক মাসের মধ্যে রাজশাহী জেলা কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।