সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯

সোনার দেশ ডেস্ক ১৮ অক্টোবর ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৮ অক্টোবর ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯

উত্তর কলকাতার চোরাবাগানে দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বহু মানুষ।

শনিবার রাতে বাইরে প্রবল বৃষ্টি চলাকালে মণ্ডপের ভেতরে উপচে পড়া ভিড়ের কারণে এ ঘটনা ঘটে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।


এনডিটিভি জানিয়েছে, চোরাবাগান সর্বজনীন পূজা মণ্ডপে ১৯ জন নিহতের পাশাপাশি আহত অন্তত ৩৫ জনকে নিকটবর্তী মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নেওয়া হয়েছে।

মেডিক্যাল কলেজের ‘একটি সূত্রের’ বরাতে আনন্দবাজার পত্রিকা মৃতদের মধ্যে তিনজন পুরুষ, একটি শিশু ও ১৩ জন নারী রয়েছে বলে জানিয়েছে।


এক বিবৃতিতে কলকাতা পুলিশ বলেছে, “আজ রাত প্রায় ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার সারদা পার্ক (চোরাবাগান) পূজা মণ্ডপের বাহির হওয়ার গেইটে বৃষ্টি চলাকালে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলনের একটি ঘটনা ঘটেছে। আহতদের সবাইকে উদ্ধার করে এমসিএইচে নেওয়া হয়েছে।”


পুলিশ আরও জানায়, পূর্জা মণ্ডপটি এখন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পূজা কমিটির ১২ সদস্যকে আটক করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পদদলনের ঘটনায় অনেক মানুষ জ্ঞান হারান। অনেককে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “প্রবেশপথটি অত্যন্ত সংকীর্ণ ছিল, বের হওয়ার পথটিও সংকীর্ণ। মণ্ডপের ওই অংশে কোনো আলোকসজ্জা ছিল না। আমরা মেয়ে ও নাতনীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”


অন্য আরেকটি প্রত্যক্ষদর্শী ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, “আমরা চার বান্ধবী ছিলাম। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল বলে কিছু মানুষ বের হওয়ার গেইটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে ধাক্কা এলে সামনে যারা ছিলেন তারা পড়ে যান।


“এরপর একের পর একজন আরেকজনের ওপর পড়তে থাকেন। সামনে যারা ছিলেন তারা কিছুতেই উঠতে পারছিলেন না। চাপা পড়ে থাকায় তাদের টেনেও বের করা যাচ্ছিল না। আমার তিন বান্ধবীই তলায় চাপা পড়ে যায়। নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বহু লোক জ্ঞান হারান।”


তিনি জানান, অন্য দিকের প্যান্ডেল ভেঙে আহতদের উদ্ধার করেন স্থানীয়রা।

ঘটনার পর পরিস্থিতি দেখতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।


শুভেন্দু জানিয়েছেন, ১৯ জনের মৃত্যু হয়েছে ও ২৫ জন আহত হয়েছেন।

মেডিক্যাল কলেজ হাসপাতাল (এমসিএইচ) সূত্রের বরাতে এবিপি আনন্দ জানিয়েছে, হাসপাতালে যাদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। আহতদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।


পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে সাহস ও শক্তি দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।


তথ্যসূত্র: বিডিনিউজ