ভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় ১২ ভক্ত নিহত
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় অন্তত ১২ ভক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালিয়রের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ছিনোর দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক খাড়া ঢালের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই ঢাল দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ।
জানা গেছে, ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে থাকা তীর্থযাত্রীদের ওপর উঠে যায় এবং পরে মন্দিরের বাইরের দেয়াল ও গেটে গিয়ে ধাক্কা খায়।
এসএসপি ধর্মবীর সিং বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা।
প্রচুর পুণ্যার্থী শীতলা মাতা মন্দিরের দিকে যাচ্ছিলেন। ছিনোর দিক থেকে আসা রাস্তাটিতে একটি খাড়া ঢাল রয়েছে, যেখানে ভারী যান চলাচল নিষিদ্ধ। রাত দেড়টার দিকে ধানবোঝাই একটি ট্রাক সেখানে থামানো হয়েছিল। সেটি পুলিশের ব্যারিকেড ভেঙে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে আসে এবং মন্দিরের বাইরের দেয়াল ও গেটে ধাক্কা দেয়। রাস্তার ওপর থাকা ভক্তরা এর নিচে পিষ্ট হন।
তিনি আরও বলেন, সেখানে দায়িত্বরত দুই পুলিশও আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।
এসএসপি জানান, ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যার মধ্যে ১২ জন মারা গেছেন। অন্তত পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন, বাকিদের আঘাত সামান্য।
তথ্যসূত্র: এনডিটিভি, বাংলানিউজ