নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী ও মতিহার থানা পুলিশের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শ,নিবার (১৭ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানা পুলিশের সহায়তায় বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামের মো. ইদ্রিস আলীর মেয়ে মোছা. আছিয়া বেগম (৫২)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে আছিয়া’কে গ্রেপ্তার করলেও একই গ্রামের মো. শরিফুল ইসলাম ওরফে বাদশার ছেলে মো. রেজভী আহমেদ (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় আছিয়ার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি রেজভী দীর্ঘদিন ধরে আছিয়ার সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
এছাড়াও, আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানা পুলিশের সহায়তায় রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১টার দিকে ডাঁশমারী (পূর্বপাড়া) গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আবু হানিফ (৪৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে হানিফ’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ১০০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্যে, আসামি হানিফের বিরুদ্ধে মতিহার থানায় ৫ টি ও বেলপুকুর থানায় ১টি মাদক মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।